অনলাইনে চলছে গুগল ডেভফেস্ট ঢাকা
কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যান্ড্রয়েড, ওয়েব, এবং ক্লাউড প্রযুক্তি নিয়ে বিভিন্ন সেশন, কর্মশালা এবং শো-কেসের মধ্য দিয়ে ঢাকাস্থ গুগল ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে গুগল ডেভফেস্ট ঢাকা। সহস্রাধিক ডেভেলাপারের অংশগ্রহণে বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে সম্মেলনের উদ্বোধন করেন জিডিজি বাংলার ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস।
দুই দিনের সম্মেলনের প্রথম অধিবেশনে "গুগল ভয়েস ট্রান্সলেট কিভাবে কাজ করছে" তার ওপর আলোকপাত করেন গুগলের শ্রীলঙ্কান সাবেক প্রকৌশলী পরামর্শক কিশান সঞ্জয় সদিমানা।
এর পরের অধিবেশনে বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের বিষয়ে আলোচনা করেন গুগলের প্রকৌশল বিভাগের সাবেক বাংলাদেশী পরামর্শক এবং ড্রিম ডোর সফটের ব্যবস্থাপনা পরিচালক ড. খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম।
গুগল কম্পিউট ইঞ্জিন নিয়ে কথা বলেন জার্মানির সেভেন সেন্ডারের সফটওয়্যার প্রকৌশলী সুমন মোল্লা সেলিম।
এদিকে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন হবে ব্লকচেইনের ক্ষেত্রে ক্লাউড সেবার ব্যবহার নিয়ে। এই বিষয়ে আলোচনা করবেন অস্ট্রেলিয়ার লা ট্রুবো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. জাবেদ মোর্শেদ চৌধুরী।
এর পরের অধিবেশনে থাকছে অ্যাপ ইঞ্জিনে সাবলীলভাবে পাইথন ফ্লাস্ক ওয়েব অ্যাপ্লিকেশন প্রয়োগের উপর হাতে-কলমে প্রশিক্ষণ।
আর ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের তরুণদের করণীয় বিষয়ে নীতি নির্ধারণী ও দিক নির্দেশনা মূলক অধিবেশনে বক্তব্য রাখবেন সিকেএইচ নেটওয়ার্কের সিইও কোচ কামরুল হাসান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক কাজী হাসান রবিন।
কালচারাল প্রোগ্রাম আর পার্টিসিপেন্টে সাইটিফিকেশনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের গুগলের ঢাকা ডেভ ফেস্ট।